অতীতের আলো

ধূলি আর ধোঁয়ার কুয়াশায় মলিন আকাশটা
শহুরে আলোর হট্টগোলে জর্জরিত হয়তো –
কৃষ্ণপক্ষের ফালি চাঁদটা সরে গেছে
আকাশের একপাশে।
উদ্ধত টাওয়ারের মাথায়
লাল আলো – নাকি লোহিত বামন তারা সে এক?
ভ্রম হয়-

তবু একাকী উজ্জ্বলতায় একটি নক্ষত্র হয়তো চোখে পড়ে।
শরতের দক্ষিণ আকাশে।

তার এই আলোর যাত্রা শুরু হয়েছিলো
কত লক্ষ বছর আগে?
পৃথিবীতে হয়তো তখন নিয়ন্ডারথাল মানবের বিচরণ।
তাদের আকাশ চিরে ছায়াপথের দুধেল ধারা
আর তারা নিয়ে কত বিস্ময় কল্পনা।
শিকারী কালপুরুষ, বৃহৎ ভল্লুক আর সিংহের
গভীর অরণ্য হয়ে যায় আকাশটা।
আরো কত ছবি ঐ আকাশের অবতল ক্যানভাসে
অবলীলাক্রমে সহজ সরলতায় সৃষ্টি করে চলেছে।

সেই নিয়ন্ডারথাল পিতার চোয়ালের ফসিল হাতে,
আমি আকাশে একটি উজ্বল তারা দেখি
সে তারা নিয়ে আসে অতীতের আলো।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *