Statistics in Plain English, Third Edition by Timothy C. Urdan
বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষে পরিসংখ্যান পাঠ্যহিসেবে থাকলেও তা মাথার ভেতর খুব একটা ঢুকতে পারে নি। একাডেমিকভাবে পরিসংখ্যানের ক্লাসগুলো ছিলো গণিত-ভিত্তিক, সূত্র আছে অংক করো এই ধরনের। গণিত দরকারী জিনিস, কোন ধারণাকে বিমূর্তভাবে উপস্থাপনের জন্য অপরিহার্য। তবে পরিসংখ্যানের আলোচ্য বিষয়গুলো আসলে কোন প্রেক্ষিতে কি দরকারে এসেছে, প্রতিটি বিষয়ের গণিতের পেছনে ভাবনাটা আসলে কি এই অন্তর্দৃষ্টি তৈরি না হলে আলোচনাগুলো অর্থহীন হয়ে পড়ে। তখন শুধু সূত্র শিখে অংক কষাই হয়, পরিসংখ্যানের কোন বোধ তৈরি হয় না। পরিসংখ্যান না বোঝার কারণে পরবর্তীতে থিসিস করতে গিয়ে কিংবা কোন বৈজ্ঞানিক নিবন্ধ পড়তে গিয়ে ঠেকে যেতে হয়েছে। এরকম অবস্থায় স্ট্যাটিস্টিকস ইন প্লেইন ইংলিশ বইটা হাতে আসে। এখানে লেখক পরিসংখ্যানকে গাণিতিকভাবে উপস্থাপনের চেয়ে কোন বিশ্লেষণ পদ্ধতি কোন প্রয়োজনে এসেছে, পদ্ধতিটার মানে কি দাঁড়ায়, বিশ্লেষণের পেছনে অন্তর্দৃষ্টিটা কি এই বিষয়গুলোতে বিস্তারিত আলোচনা করেছেন — সোজা বাংলায় (মানে ভাষাটা ইংরেজী হলেও আলোচনাটা সরল ভাষায়)। এই বইটা পড়ার পর পরিসংখ্যানের অনেকগুলো গুরুত্বপূর্ণ আর প্রাথমিক বিশ্লেষণ পদ্ধতির ধারণা পরিস্কার হয়েছে আমার। পরিসংখ্যানের আরেকটু সিরিয়াস বুঝ্ তৈরি করতে এই বোধ্-টা কাজে দেবে।
Leave a Reply